ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুমৃত্যু- চিকিৎসাধীন ২২ জন

TITUL ISLAM
এপ্রিল ১৯, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেক্স।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সাত মাস বয়সী তানজিদ হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত এক মাসে রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের মধ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

শুক্রবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। তানজিদ হাসান লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলামের ছেলে।

রমেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আয়েশা সুলতানা শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
<span;>তিনি জানান, শিশুটি প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ১৪ দিন ভর্তি ছিল। সেখানে অবস্থার অবনতি হলে গত ১৫ এপ্রিল তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আনার সময় থেকেই শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, সর্দি ও চোখ লাল হওয়া—এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করারও পরামর্শ দিয়েছেন তিনি।

শিশুটির মা তিথি মনি বলেন, ঈদের দুই দিন পর শিশুটি অসুস্থ হলে প্রথমে নিউমোনিয়ার আশঙ্কায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে বাড়িতে নেওয়া হয়। পরে আবার অসুস্থ হয়ে পড়লে দুই-তিনবার হাসপাতালে ভর্তি করতে হয়।

সর্বশেষ পহেলা বৈশাখের দিন আবার হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। পরে শিশুর অবস্থার আরও অবনতি হলে অক্সিজেন দেওয়া হয় এবং পরদিন রংপুরে নেওয়া হয়। তিনি আরও জানান, প্রথমে রংপুরের একটি বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা হামের লক্ষণ শনাক্ত করে তাকে রমেকে পাঠিয়ে দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ২৩ মার্চ রমেকে প্রথম হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি করা হয়। এরপর এখন পর্যন্ত মোট ৮০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। শনিবার বিকেল পর্যন্ত হাসপাতালে মোট ২২ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ৬ শিশু।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, শিশু ওয়ার্ডের পাশে প্রথমে ১০ শয্যার একটি বিশেষ হাম কর্নার চালু করা হয়। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরে আরও একটি হাম কর্নার চালু করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।