লালমনিরহাট প্রতিনিধি।।
পারিবারিক বিরোধের জেরে লালমনিরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচি খোতেজা বেগমের (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) বিকেল জেলা সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কোহিনুর বেগম নামে এক জনকে আটক করেছে পুলিশ।
নিহত খোতেজা ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী। আর আটক কোহিনুর একই গ্রামে মুন্না মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, চাচা সোলায়মান আলীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ হয় ভাতিজা আব্দুল মালেক গংদের।
এরই জের ধরে শুক্রবার বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত হয়ে ভাতিজারা লাঠি দিয়ে মারধর করলে ঘটনাস্থলেই চাচি খোতেজার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কোহিনুর বেগম নামে এক জনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


