লালমনিরহাটের কালীগঞ্জে প্রফিট ফাউন্ডেশন (পিএফ) সংস্থার বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পিএফ সংস্থার কার্যালয়ে তিনি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সংস্থার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছাগল পালনসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি বাল্যবিবাহ, শিশু শ্রম ও মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।পরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতাভুক্ত বিভিন্ন উপকারভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন পিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস কাম ক্রেডিট সুপারভাইজার মো. মাইনুল হোসেন শোভন, ট্রেইনার আনিছা বেগম, পিএফ সংস্থার প্রোগ্রাম অফিসার মোছা. মুন্নি বেগমসহ সংস্থার কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগীরা।


